বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দলীয় পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দলটির একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, গত ২৪ আগস্ট ফজলুর রহমানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তবে তিনি লিখিত জবাব না দিয়ে প্রথমে সময় বর্ধিত করার আবেদন করেন। পরে আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হলেও তার দেওয়া জবাবকে ‘অসন্তোষজনক’ বলে মনে করে দলীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে টক শো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও ধর্মীয় অনুভূতি ক্ষুণ্ন না করার জন্য তাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



