রাজধানীর বিভিন্ন এলাকায় কুরবানির পশুর বর্জ্য ও ময়লা অপসারণে গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে পরিস্থিতি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এ নির্দেশ দেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।
প্রধানমন্ত্রী গুলশান থেকে রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট, ধানমন্ডি ও মহাখালীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ানবাজার এলাকায় বর্জ্য পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।



