রোহিঙ্গাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে শুধু বাংলাদেশের একার পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ, টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’–এর দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত ও স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাবনা তুলে ধরেন।
সম্মেলনে কূটনীতিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, বৈশ্বিক সংস্থা এবং রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনকে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে দেখা হচ্ছে।
সম্মেলনে মানবিক সহায়তা ও তহবিল সংকট, মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আস্থা তৈরির উদ্যোগ, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং টেকসই সমাধানের দীর্ঘমেয়াদি কৌশল—এই পাঁচটি থিম্যাটিক অধিবেশনকে ঘিরে আলোচনা চলছে।



