বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে দিতে হয়। গ্রাহকদের অভিযোগ ছিল—মিটারের মূল্য পরিশোধের পরও কেন এই চার্জ অব্যাহত রয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সংগঠন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবিতে আন্দোলন চলছিল। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।
সরকার জানিয়েছে, খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।



