রাজধানীর পোস্তা এলাকায় কোরবানির পশুর চামড়ার বেচাকেনা জমে উঠলেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ তুলেছেন বিক্রেতারা।
শুক্রবার (২৯ মে) সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে পিকআপ ও ভ্যানে করে আনা চামড়ায় সরগরম হয়ে উঠেছে পোস্তার আড়তগুলো। তবে সরকার নির্ধারিত দামের সঙ্গে বাজারমূল্যের বড় ব্যবধান থাকায় হতাশ মাদ্রাসা, এতিমখানা ও মৌসুমি সংগ্রহকারীরা।
বিক্রেতাদের দাবি, ভালো মানের বড় গরুর চামড়াও সর্বোচ্চ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে আর সামান্য কাটা থাকলে দাম নেমে যাচ্ছে ১০০-২০০ টাকায়।
অন্যদিকে আড়তদাররা বলছেন, ট্যানারি মালিকদের কাছে প্রায় ৯০ কোটি টাকা বকেয়া থাকায় নগদ অর্থ সংকট তৈরি হয়েছে। লবণ, পরিবহন ও শ্রমিক খরচ বাড়ায় তারাও চাপের মধ্যে রয়েছেন।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, অর্থসংকটের কারণে এবার লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২০ হাজার কম চামড়া সংগ্রহ হতে পারে।



