শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা তিন দিনের ছুটি উপভোগ করবেন। বিজয়া দশমী উপলক্ষে আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন তারা।
অন্যদিকে, দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান তথা স্কুল-কলেজগুলোতে এবার টানা ১২ দিন ছুটি থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে বাড়তি হিসেবে শিক্ষার্থীরা ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি পাওয়ায় এ ছুটির মেয়াদ আরও বেড়ে যাবে। ফলে শিক্ষার্থীরা কার্যত টানা ১২ দিন ছুটি কাটাতে পারবে।
এ সময়ে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষার্থীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবে।
তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই তাদের ছুটির বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।



