সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফলাফল কোটা নয়, মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
একই সঙ্গে রিটকারী ১৫১ জনকে আগামী ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই ঐতিহাসিক রায় দেন।
রায়ে বলা হয়, ২০২৩ সালের সার্কুলার অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অনুষ্ঠিত এই নিয়োগের ফল সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের (৯৩% মেধা) আলোকে নতুন করে প্রকাশ করতে হবে।
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, তখনকার ৮৪ শতাংশ কোটা পদ্ধতিকে চ্যালেঞ্জ করে মামলাটি করা হয়েছিল। তবে আদালত স্পষ্ট করেছেন, মামলা চলাকালীন ইতোমধ্যে নিয়োগপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের চাকরি ন্যায়বিচারের স্বার্থে বহাল থাকবে।



