পদ্মা সেতুতে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ প্রযুক্তির মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় পদ্মা সেতুতে ইটিসি চালু করা হয়েছে। উদ্যোগটির মূল লক্ষ্য হলো যানবাহনের গতি বাড়ানো, সময় সাশ্রয় এবং টোল আদায়ে আধুনিকতা নিশ্চিত করা।
ইটিসি ব্যবহার করতে হলে গাড়িচালককে প্রথমে ট্রাস্ট ব্যাংকের ‘ট্যাপ’ অ্যাপ থেকে ‘ডি-টোল’ অপশনে গিয়ে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত আরএফআইডি বুথে প্রথমবারের মতো ট্যাগ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রক্রিয়া শেষ হলে চালকরা ইটিসি লেন দিয়ে ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে সেতু পার হতে পারবেন। এ সময় টোল ফি স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
ভবিষ্যতে শুধু ট্যাপ অ্যাপ নয়, অন্যান্য আর্থিক অ্যাপ থেকেও এই সেবা নেওয়া যাবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই ইতোমধ্যে বিভিন্ন ফিনটেক প্ল্যাটফর্মকে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে।



