ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চব্বিশটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মপরিকল্পনা নির্ধারণ করে রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (২০ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, “নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই। নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, আগামী ২৪ আগস্ট থেকে ৮২টি আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি শুরু হবে, যা চার দিনব্যাপী চলবে। ভোটকেন্দ্র সংখ্যা বাড়ানো হবে না। তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র থাকবে। তবে বুথে ভোটার সংখ্যা বাড়ানো হচ্ছে—আগের ৫০০ এর পরিবর্তে প্রতি বুথে ৬০০ ভোটারকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



