থানায় মামলা করতে আসা এক নারী বাদীকে উদ্দেশ করে ‘আপনি কি সেই মাল’ বলে আপত্তিকর মন্তব্য করা বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পাথরঘাটা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে。
আজ শনিবার (২০ জুন) বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এফ. এম. ফয়সাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। তবে আদেশে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে বিষয়টিকে ‘প্রশাসনিক কারণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করতে গেলে ওসি এনামুল হক মামলা গ্রহণে টালবাহানা করেন এবং তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কি সেই মাল? ইবলিস যেন কোথাকার’। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী মরিয়ম চৌধুরী জেবুও এই আপত্তিকর মন্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়াও ওসি এনামুল হকের বিরুদ্ধে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা না নেওয়া, নারীদের ফেরাউনের সঙ্গে তুলনা করা এবং সরকারি মোবাইল নম্বর রিসিভ না করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার একাধিক অভিযোগ রয়েছে।



