বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মালিক এ দেশের ২০ কোটি মানুষ, আর জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে।
সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “গত এক যুগেরও বেশি সময় ধরে আমরা জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি করে আসছি। এই দেশের মালিক জনগণ। দেশের অধিকাংশ জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই চলবে।”
তিনি আরও বলেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার হচ্ছে ভোটাধিকার। ভোটের মাধ্যমে জনগণ নির্দিষ্ট সময়ের জন্য সিদ্ধান্ত দেয়, দেশ কে পরিচালনা করবে। এই ভোটাধিকারের জন্য বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করে জানিয়ে তিনি বলেন, “আমরা কাউকে হেয় করতে চাই না, ছোট করতেও চাই না। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই এবং সবার মতামতকে সম্মান জানাতে চাই।”
তারেক রহমান জানান, বিএনপির রাষ্ট্র সংস্কার পরিকল্পনার সব দিক ৩১ দফায় তুলে ধরা হয়েছে। সরকারের ঘোষিত ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গেও বেশিরভাগ বিষয় মিল রয়েছে বলে দাবি করেন তিনি।
রাষ্ট্র পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।



