অপরিশোধিত তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) সাময়িকভাবে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সোমবার বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না।
ইআরএল সূত্রে জানা যায়, মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইনে থাকা প্রায় ৫ হাজার টন তেল ও ট্যাংকের ডেড স্টক ব্যবহার করে সর্বশেষ উৎপাদন চালানো হয়। প্রতিষ্ঠানটি সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন তেল পরিশোধন করলেও সংকটের কারণে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামানো হয়েছিল।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান পৌঁছানোর কথা রয়েছে।



