ওভালে পঞ্চম টেস্টের শেষ দিনে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ৬ রানে হারিয়ে সিরিজে ২-২ ব্যবধানে সমতা এনেছে ভারত।
শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, হাতে ছিল পাঁচটি উইকেট। কিন্তু সিরাজের দাপটে ইংল্যান্ড থেমে যায় ৩৬৭ রানে। সিরাজ একাই নেন পাঁচ উইকেট, যার মধ্যে শেষ দিনে ছিল তিনটি।
তাঁর সঙ্গে অসাধারণ সহায়তা করেন প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি শিকার করেন চারটি উইকেট। ইংল্যান্ড যখন জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে, সেই অবস্থায় চতুর্থ দিনের শেষ সেশনে সিরাজ ও প্রসিদ্ধের অনুপ্রাণিত স্পেলে ম্যাচে ফিরে আসে ভারত।
সেঞ্চুরি হাঁকানো জো রুট ও হ্যারি ব্রুক দ্রুত বিদায় নিলে জেতার আশা গাঢ় হতে শুরু করে। ইংল্যান্ড ৩৬ রানের ব্যবধানে তিন উইকেট হারালে ভারতের জন্য জেতার পথ আরও প্রশস্ত হয়।
সিরিজ সমতা আনতে ও অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ধরে রাখতে ভারতকে এই টেস্ট জিততেই হতো। শেষ পর্যন্ত শুভমান গিলের নেতৃত্বে দুর্দান্ত লড়াই করে ভারত সেই লক্ষ্যে পৌঁছেছে।



