দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থী রয়েছে।
বুধবার (১১ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
প্রাদেশিক মুখ্যমন্ত্রী অস্কার মাবুয়ানে জানান, পরিস্থিতি ভালোনা এবং প্রতি ঘন্টায় বাড়ছে মৃতের সংখ্যা।
এই বন্যাকে তিনি ইস্টার্ন কেপের ইতিহাসে অন্যতম ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেন।
এদিকে গত মঙ্গলবার (১০ জুন) সকালে মথাতা শহরের একটি সেতু পার হওয়ার সময় একটি বাস প্রবল পানির স্রোতে ভেসে যায়। বাসে থাকা চার শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পাঠানো হয়েছে।
বন্যায় বহু ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। বৈরি আবহাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।



