ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস ব্রিফিং চলাকালে এমন একটি ঘটনা ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিএনপিপন্থী শিক্ষকদের উপস্থিতিতে ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলছেন গণেশ চন্দ্র রায় সাহস। তিনি অভিযোগ করেন, ডাকসু নির্বাচন চলাকালে পর্যাপ্ত পরিবহন ও নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। ক্ষোভ প্রকাশের একপর্যায়ে তিনি টেবিল চাপড়ে উপাচার্যকে কঠিন ভাষায় ধমক দেন।
ভিডিওতে গণেশকে বলতে শোনা যায়, “আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?” এসময় পরিস্থিতি সামাল দিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে নিবৃত করার চেষ্টা করেন।
ঘটনার সময় উপস্থিত ছিলেন বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ আরও কয়েকজন শিক্ষক।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকে ঘটনাটিকে শিষ্টাচারবহির্ভূত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।
ফেসবুকে জাহাঙ্গীর নামে একজন লিখেছেন, “ওদের মতো নেতাদের জন্যই আজকে এই অবস্থা।”
আরশাদ চৌধুরী নামে আরেকজন মন্তব্য করেছেন, “একজন ভিসির সাথে কীভাবে কথা বলতে হয়, এখনো শিক্ষা নেয়নি তারা।”



