দেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৫২ শতাংশই উপকূলের ১৩টি জেলার বাসিন্দা।
এই জেলাগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার।
তবে বরিশাল বিভাগের ছয় জেলায় সবচেয়ে বেশি আক্রান্তের হার দেখা গেছে।
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ঢাকা মেডিকেল কলেজে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ হাজার ৭৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ২৭ জনই দেশের উপকূলের জেলাগুলোর মানুষ।
এ বছর দেশে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩২ জন মারা গেছেন, যার অর্ধেকই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। বরিশাল বিভাগে মৃত্যু দেখানো হয়েছে ৫ জন, যদিও অনুসন্ধানে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।



