শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসুর মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফরম বিতরণ চলছে।
এবার প্রতিটি ফরমের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। আগামী ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে, আর ১৯ আগস্ট মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীরা সর্বোচ্চ পাঁচজন সমর্থককে সঙ্গে নিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এর আগে প্রচার-প্রচারণা ও ইশতেহার প্রকাশের সুযোগ পাবেন প্রার্থীরা। অনেক প্রার্থী ইতোমধ্যেই শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, দীর্ঘ বিরতির পর হতে যাওয়া এই নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।



