ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর পীরগঞ্জের একটি কর্মসূচিতে অংশ নিতে এনসিপির বহরটি রওনা দিলে টাঙ্গন ব্রিজ এলাকায় একটি আন্তঃজেলা বাস তাদের একটি গাড়িকে ধাক্কা দেয়।
এসময় চালকের কাছে কৈফিয়ত চাইতে গেলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ হামলা চালায়। এতে এক এনসিপি কর্মী ও চালক আহত হন এবং গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।
শুরুতে এনসিপি নেতারা একে পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবে অভিযোগ করলেও, পরে দলটির মুখপাত্র অপু এটিকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ বলে মন্তব্য করেন।
এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সারওয়ার আলম খান বলেন, এনসিপির পক্ষ থেকে হামলার বিষয়ে অভিযোগ করা হয়েছে। তারা প্রাথমিকভাবে একজন হামলাকারীর একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



