মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত জানতে ওয়াশিংটনে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল।
পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, ইসরায়েলের এই গুপ্তচরবৃত্তির হুমকিকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পেন্টাগনের নীতি নির্ধারণী কর্মকর্তা এলব্রিজ কোলবিসহ শীর্ষ কর্মকর্তাদের ওপর আড়ি পাতার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি লেবানন হামলা নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপে সম্পর্কের টানাপোড়েন দৃশ্যমান হওয়ার মধ্যেই এই নজরদারির তথ্য সামনে এলো।
অবশ্য পেন্টাগনের এক মুখপাত্র এই খবরকে ‘মিথ্যা’ দাবি করেছেন। দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে ওয়াশিংটন প্রতি বছর বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে।
বর্তমানে মার্কিন কংগ্রেসে একটি নতুন প্রতিরক্ষা বিল নিয়ে বিতর্ক চলছে, যা পাস হলে দুই দেশের যৌথ অস্ত্র গবেষণা ও উন্নয়ন আরও জোরদার হবে।



