জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের গণপরিবহনে। সরকার ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ সারা দেশে ডিজেলচালিত বাসের নতুন ভাড়া নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দূরপাল্লার বাস ও আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন এ ভাড়া আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে আপাতত কোনো ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না।
সড়কমন্ত্রী বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমানো হলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে।
তবে রেলওয়ের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবহন মালিক সমিতির নেতারা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।



