নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘটনায় রাজধানী কাঠমান্ডুতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও এক্সসহ ২৬টি প্ল্যাটফর্ম সরকার নিষিদ্ধ করার পর শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন-জি) নেতৃত্বে এ বিক্ষোভ শুরু হয়।
সোমবার সকালে বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়েই রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা লাঠি, ডাল ও পানির বোতল নিয়ে প্রতিরোধে নামলে পুলিশ ও সেনাবাহিনী জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে। সংঘাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে সেনা মোতায়েন করা হয়েছে এবং দুপুর ১২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করেছে প্রশাসন। তবে কারফিউ অমান্য করে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন।
এদিকে বেশ কয়েকজন বিক্ষোভকারী জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন। উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজপরিবারের বাসভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি, কাঠমান্ডু পোস্ট



