ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’-এর বিরুদ্ধে রুমমেটকে আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী রবিউল হক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময় জালাল রুমে প্রবেশ করে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকেন। এতে রবিউলের ঘুম ভেঙে যায়। তিনি আপত্তি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জালাল রুমে থাকা টিউবলাইট দিয়ে রবিউলের মাথায় আঘাত করেন। এতে লাইট ভেঙে তার বুকের বাম পাশে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। সহপাঠীরা দ্রুত রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত শিক্ষার্থী রবিউল বলেন, ছুরি নয়, টিউবলাইট দিয়েই তাকে আঘাত করা হয়েছে। তিনি বলেন, “লাইট ভেঙে বুকের বাম পাশে গভীর ক্ষত হয়েছে।”
ঘটনার পর শিক্ষার্থীদের ক্ষোভ এড়াতে জালাল নিজ কক্ষে আবদ্ধ ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাকে শাহবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, হল প্রশাসন বাদী হয়ে জালাল আহমদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। মামলার পরবর্তী কার্যক্রম প্রচলিত আইন অনুযায়ী চলবে।
ঘটনার পর জালালের প্রার্থিতা বহাল থাকবে কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, তার প্রার্থিতা থাকবে কি না তা নির্বাচন কমিশন বিধি-বিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে।



