রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি চীনে পুতিনের ২৫তম সফর।
সফরের শুরুতেই চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে পুতিনের সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই দেশের প্রতিনিধিদল নিয়ে বৃহত্তর পরিসরে আলোচনায় বসেন দুই নেতা। পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর পৃথক বৈঠকেরও কথা রয়েছে।
বৈঠকে পুতিন আগামী বছর রাশিয়া সফরের জন্য শি চিনপিংকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, মস্কো ও বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্ব স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে শি চিনপিং বলেন, উন্নয়ন ও জাতীয় পুনরুজ্জীবনের লক্ষ্যে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
পুতিন আরও জানান, রাশিয়া-চীন অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সহযোগিতা ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে।



