সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
রোববার গুলশান থানার তদন্ত কর্মকর্তা মোখলেছুর রহমান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন।
মামলার অপর তিন আসামি হলেন—সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন। এ ঘটনায় বাদী সিদ্দিক আবু জাফর ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয়, ১৭ জুলাই রিয়াদ ও অপু ৫০ লাখ টাকা দাবি করেন এবং না দিলে আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করে গ্রেপ্তারের হুমকি দেন। বাদী পরে ১০ লাখ টাকা দিতে বাধ্য হন। ২৬ জুলাই ফের চাপ সৃষ্টি করলে পুলিশকে অবগত করেন ভুক্তভোগীরা। পরে গুলশান থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।



