খুলনার দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালালে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম শেখ (৫৫) নামের এক মুসল্লি গুলিবিদ্ধ হন।
রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ওজোপাডিকোর ঠিকাদার ও তেল ব্যবসায়ী লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে। পূর্বশত্রুতার জেরে এই হামলা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।



