ঝিনাইদহের কালীগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের একসঙ্গে উপস্থিতি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।
গত বৃহস্পতিবার উপজেলার বগেরগাছি গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
এ ছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও দেখা যায়। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা।
বিশেষ করে আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টুর সঙ্গে সংসদ সদস্য আবু তালিবের একসঙ্গে উপস্থিতির বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের অনেকে বিষয়টিকে সামাজিক সম্পর্কের দৃষ্টিতে দেখলেও কেউ কেউ রাজনৈতিক বার্তা খুঁজছেন।
এ বিষয়ে মাওলানা আবু তালিব বলেন, রাখালগাছি ইউনিয়নে তার গ্রামের বাড়ি হওয়ায় সামাজিক সম্পর্কের কারণেই তিনি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পাশাপাশি আলোচিত হত্যা মামলার ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।



