ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং তা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
ভোটের খুঁটিনাটি তথ্য
এবারের ডাকসু নির্বাচন হচ্ছে ৩৮তম। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। প্রতিজন শিক্ষার্থী ৪১টি পদের বিপরীতে ভোট দেবেন—কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে ১৩টি।
কেন্দ্রীয় সংসদে প্রার্থী
মোট প্রার্থী: ৪৭১ জন (পুরুষ ৪০৯, নারী ৬২)
পদের সংখ্যা: ২৮টি
সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন
সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
ক্রীড়া সম্পাদক: ১৩ জন
ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন
মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন
১৩ সদস্য পদের বিপরীতে প্রার্থী: ২১৭ জন
হল সংসদে প্রার্থী
হল সংসদের সংখ্যা: ১৮টি
মোট পদ: ২৩৪
প্রার্থী: ১,০৩৫ জন (ছাত্র ৮৫০, ছাত্রী ১৮৫)
সবচেয়ে বেশি প্রার্থী দেওয়া হলগুলো হলো শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সূর্যসেন হল (প্রতিটিতে ৭৫ জন করে)।
ভোটকেন্দ্র ও ভোটার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে সিনেট ভবন কেন্দ্রে স্যার এ এফ রহমান হল, বিজয় একাত্তর হল ও হাজী মুহম্মদ মুহসীন হলের ৪ হাজার ৮৩০ জন ভোটার ভোট দিচ্ছেন। সবচেয়ে বেশি ভোটার রয়েছে রোকেয়া হলে—৫ হাজার ৬৬৫ জন।
ভোটের পদ্ধতি
ব্যালট হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) ফর্মে। ডাকসুর ভোট হবে ছয় পাতায় এবং প্রতিটি হল সংসদের ভোট এক পাতায়। ব্যালট স্ক্যান করে গণনা করা হবে ১৪টি মেশিনে, যার মধ্যে কিছু মেশিন ঘণ্টায় পাঁচ হাজার আর কিছু মেশিন ঘণ্টায় আট হাজার ব্যালট স্ক্যান করতে সক্ষম। ভোট গণনা শেষে ফল ঘোষণা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
ভিপি পদে লড়াই
ভিপি পদে এককভাবে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে—৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় বড় সংগঠনসমর্থিত প্যানেলের পাশাপাশি বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ, সমন্বিত শিক্ষার্থী সংসদ, সচেতন শিক্ষার্থী সংসদ, প্রতিরোধ পর্ষদসহ একাধিক প্যানেল থেকে প্রার্থী দেওয়া হয়েছে।
সবচেয়ে কম বয়সী ভিপি প্রার্থী বিজয় একাত্তর হলের শামীম হোসেন, আর সবচেয়ে বয়স্ক প্রার্থী তৈয়ব হালদার। নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন শামসুন নাহার হলের আশরেফা খাতুন, সুফিয়া কামাল হলের উমামা ফাতেমা এবং রোকেয়া হলের ফাতেমা শারমিন অ্যানি ও সানজিদা আহমেদ তন্বী।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ।



