রাজধানীর ভাটারা এলাকা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফ পুলিকে প্রায় ১৬ ঘণ্টা পর সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানায়, রবিবার (২৯ জুন) দিবাগত রাতে সাভারের একটি নির্জন স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। র্যাব-৪ এর একটি টহল দল তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাতেই স্বজনদের হাতে তুলে দেয়।
মাহিরা র্যাবকে জানান, রবিবার সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বের হলে পথে এক নারীর খপ্পরে পড়েন। সেই নারী তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পর মাহিরা জ্ঞান হারিয়ে ফেলেন। অচেতন অবস্থায় তাকে সাভারের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে জ্ঞান ফিরে এলে, তাকে পোশাক পরিবর্তন করতে দেওয়া হয়। সেই সুযোগে তিনি সেখান থেকে পালিয়ে যান এবং জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে রাস্তায় উঠে আসেন। একপর্যায়ে র্যাবের একটি গাড়ি দেখতে পেয়ে তাদের কাছে সাহায্য চান।
র্যাব জানিয়েছে, মাহিরার দাবি যাচাই-বাছাই করা হচ্ছে এবং পুরো ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
এর আগে, রবিবার সকাল ৮টার দিকে বাসা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বের হলেও, পরীক্ষার নির্ধারিত সময় পার হয়ে গেলেও মাহিরা বাসায় ফেরেননি। এতে উদ্বিগ্ন হয়ে তার পরিবার পরীক্ষা কেন্দ্রে খোঁজ নেয়, তবে সেখানে জানা যায় তিনি পরীক্ষায় অংশই নেননি। এরপর তার পরিবার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।



