নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকায় একটি ফ্ল্যাট থেকে বাবা, মা ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—হাবিবুল্লাহ শিপুল, তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং তাদের চার বছর বয়সী ছেলে আফরান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিপলু স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, শিপলুর অনেক টাকা ঋণ ছিল এবং তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি মামলাও চলছিল। এসব কারণে তিনি পাওনাদারদের চাপের মধ্যে ছিলেন। কোনো রোজগার না থাকায় হতাশা থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।



