রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফাহিম, নাঈম ও জাবেদ। ফাহিম ও নাঈম খালাতো ভাই এবং জাবেদ তাদের মামা। নিহত ফাহিম আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, রাতে তারা উত্তরার একটি হাসপাতালে তাদের আরেক মামার মরদেহ দেখতে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।



