ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থায় অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে) ৩১ মে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের আসন টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি দুপুর ২টা থেকে শুরু হয়।
এছাড়া ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।
যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
প্রতিজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।



