গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে অনুষ্ঠিত হয়েছে নজিরবিহীন বিক্ষোভ। দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত এই বিক্ষোভকে এ পর্যন্ত সর্ববৃহৎ গণসমাবেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিক্ষোভকারীরা ইসরায়েলি সৈন্যদের চলমান যুদ্ধে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রোববার (১০ আগস্ট) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে প্রায় দশ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। জিম্মি পরিবারের অধিকাংশের প্রতিনিধিত্বকারী সংগঠন ফ্যামিলিজ ফোরাম তেল আবিব, জেরুজালেম, দক্ষিণাঞ্চলের শায়ার হানেগেভ জংশন ও কিরিয়াত গাটে সমাবেশের আয়োজন করে। পাশাপাশি আরও কয়েক ডজন স্থানে ছোট আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর ফোরাম প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে দ্রুত জিম্মি বিনিময় চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানায়। তারা যুদ্ধ বন্ধ করে গাজায় বন্দী প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি জানায়। আন্দোলনকারীদের মতে, এখনই পদক্ষেপ না নিলে বন্দীদের জীবিত উদ্ধার প্রায় অসম্ভব হয়ে পড়বে।
অপরদিকে, বিশ্লেষকরা সতর্ক করেছেন, গাজা দখলের এই পদক্ষেপ ইসরায়েলি বন্দীদের ঝুঁকিতে ফেলবে এবং অভিযানে যাওয়া সৈন্যদের নিরাপদে ফেরাকে জটিল করে তুলবে। একইসাথে এটি গাজায় মানবিক সংকট আরও গভীর করবে।
উল্লেখ্য, ইসরায়েলের সামরিক বাহিনীর আপত্তি সত্ত্বেও মন্ত্রিসভা সম্প্রতি ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহর গাজা দখলের সিদ্ধান্ত নেয়।



