ইরানের রাজধানী তেহরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর লাইভ প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবরে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু ছিল এবং এর উদ্দেশ্য ছিল সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলা ও অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা। তবে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ছাড়াও ইসফাহান, কোম, কারাজ ও কারমানশাহ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



