সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধের এক বিশ্লেষণে অন্তত পাঁচটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ পাওয়ার দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের স্যাটেলাইট রাডারচিত্র বিশ্লেষণের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের পাঁচটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে। এসবের মধ্যে একটি বৃহৎ বিমানঘাঁটি, একটি গোপন গোয়েন্দা তথ্যকেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে।
যদিও ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এসব হামলার কথা স্বীকার করেনি।
টেলিগ্রাফ জানিয়েছে, ইসরায়েলের সেন্সরশিপ নীতির কারণে দেশটির স্থানীয় গণমাধ্যমে এসব তথ্য প্রকাশ হয়নি। তবে গবেষকেরা আশঙ্কা করছেন, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ইসরায়েল সরকার যা দেখাচ্ছে, বাস্তবে তা অনেক বেশি গুরুতর হতে পারে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে শত শত প্রতিহত করা গেলেও ৩৬টি স্থানে সরাসরি আঘাতের প্রমাণ মিলেছে। এসব হামলায় আবাসিক ভবন ও শিল্প কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত ২৮ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে ইসরায়েলকে সহযোগিতা করেছে এবং তাদের দুটি থাড প্রতিরক্ষা ব্যবস্থা ও লোহিত সাগরে মোতায়েন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে। প্রতিটি থাড ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ১ কোটি ২০ লাখ ডলার।
তবে যুদ্ধ সমাপ্ত হওয়ার পরেও ইসরায়েল ও ইরান নিজেদের বিজয়ী দাবি করে যাচ্ছে।



