স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্যান্য সব করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার জারি করা এক আদেশে এনবিআর জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫–২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে পর্যন্ত।
এনবিআরের আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সময় বৃদ্ধি করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, যেসব করদাতার অর্থবছর ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হয়েছে, তাদের জন্য নির্ধারিত রিটার্ন দাখিলের সময়সীমা পুনরায় এক মাস বাড়িয়ে ১৫ মে নির্ধারণ করা হয়েছে।



