আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও নানগারহার প্রদেশে সোমবার মধ্যরাতের দিকে (রবিবার রাত ১৯:৩০ জিএমটি) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আফগানিস্তানের স্টেট মিডিয়া জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৫০০ জন এবং আহত এক হাজারেরও বেশি।
প্রাথমিক ভূমিকম্পের কিছুক্ষণ পরই নানগারহারের বাসাউল এলাকায় আরও একটি ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে পশ্চিম আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।



