ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর সংগঠনটি জানায়, তাদের উত্থাপিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সরকার নীতিগতভাবে মেনে নেওয়ায় আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতা সৌরভ দাস বলেন, “সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
সিজেপির দাবি অনুযায়ী, সরকারের পক্ষ থেকে যেসব বিষয়ে সম্মতি জানানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণ প্রদান, কেন্দ্রীয় সরকার ও এনডিএ-শাসিত রাজ্যগুলোতে আন্দোলনকে ঘিরে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা না নেওয়া।
এ ছাড়া পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির প্রস্তাবিত পাঁচ দফা সনদ সরকার বিবেচনা করবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে সরকার ও সিজেপির মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে নতুন করে কোনো এফআইআর দায়ের করা হবে না—সরকার এ দাবিও গ্রহণ করেছে।
আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সেই দাবি পূরণ হওয়ার পাশাপাশি অন্যান্য দাবির বিষয়েও সরকারের ইতিবাচক অবস্থানের পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
তবে আন্দোলন স্থগিত হলেও সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সিজেপি। তাদের ভাষ্য, প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা দেখা দিলে ভবিষ্যতে প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করা হতে পারে।



