যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে অনুষ্ঠিত একটি সামরিক এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলেও তাতে থাকা চারজন ক্রু প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
রোববার (১৭ মে) আইডাহোরআইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে আয়োজিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’-তে এ দুর্ঘটনা ঘটে। আয়োজকদের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংঘর্ষে জড়িত বিমান দুটি ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইএ–১৮জি গ্রাউলার যুদ্ধবিমান। বিমান দুটিতে থাকা চারজন ক্রুই সময়মতো ইজেক্ট করে প্যারাশুটের সাহায্যে নিরাপদে অবতরণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে সংঘর্ষের পর দুটি যুদ্ধবিমান দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়তে থাকে। পরে মাটিতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। একই সময়ে চারটি প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমানগুলো ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক ছিল।



