ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় পোরোবাড়ী গ্রামে গভীর ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে বিদায় নিলেন এক বৃদ্ধ দম্পতি।
সোমবার সকালে ৯০ বছর বয়সী স্বামী নগেন চন্দ্রের মৃত্যুর মাত্র এক ঘণ্টা পর, শোক সইতে না পেরে মারা যান তার ৭৮ বছর বয়সী স্ত্রী সিঞ্জো বালা।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে সোমবার ভোর ৫টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন নগেন চন্দ্র।
দীর্ঘ প্রায় ৭০ বছরের জীবনসঙ্গীর এই চিরবিদায় সহ্য করতে পারেননি সিঞ্জো বালা। তিনি বারবার মূর্ছা যেতে থাকেন এবং ঠিক এক ঘণ্টা পর সকাল ৬টার দিকে তিনিও পরলোকে পাড়ি জমান।
এলাকাবাসী জানান, দাম্পত্য জীবনে তাদের মধ্যে কখনো ঝগড়া হতে দেখা যায়নি। বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের নাগর নদীর চরে একই চিতায় এই দম্পতির শেষকৃত্য সম্পন্ন হয়।

