Site icon Somoyer Dristy

ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েল, বিদেশি সহায়তার জন্য আকুতি

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। অধিকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে তা ছড়িয়ে গেছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দেশটি। এ কাজে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরায়েল। 

বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে  নতুন করে বড় ধরণের দাবানল সৃষ্টি হয়। ফলে এক সপ্তাহের মধ্যে দেশটি দ্বিতীয়বারের মতো দাবানলের কবলে পড়লো। 

দেশটির বাসিন্দারা এবারের দাবানলকে ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছেন। আগুন নেভাতে ১২০টি অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল কাজ করছে। 

দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে। জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান রুট ১ মহাসড়কেও আগুন জ্বলছে। অনেকে জীবন বাঁচাতে রাস্তায় গাড়ি রেখেই পালিয়েছেন। 

আগুন নেভানোর কাজে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দাবানলের আগুন নেভাতে ইতালি এবং ক্রোয়েশিয়া তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে।

এছাড়াও আরও গ্রীস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার কাছেও সহযোগিতা চেয়েছে দেশটি। 

একটি নিরাপত্তা সূত্র টাইমস অব ইসরাইলকে জানিয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ আগুন নেভানোর কাজে ইসরায়েলে অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু ইসরায়েল এখনও সাড়া দেয়নি। 

Exit mobile version