Site icon Somoyer Dristy

বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত বাড়তে পারে

জ্বালানি তেল ও এলপি গ্যাসের পর এবার বিদ্যুতের দামও বাড়তে পারে। আবাসিক গ্রাহকদের জন্য ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ বিভাগ। মন্ত্রিসভার সম্মতি পেলে তা পাঠানো হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে।

তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈশ্বিক সংকটের প্রভাবে ইতোমধ্যে জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম বেড়েছে। এর মধ্যেই বিদ্যুতের সম্ভাব্য মূল্যবৃদ্ধির খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। নিম্ন আয়ের মানুষেরা বলছেন, বিদ্যুতের দাম বাড়লে বাড়িভাড়াসহ জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, চলতি অর্থবছরে এই খাতে ঘাটতি প্রায় ৫৬ হাজার কোটি টাকা হতে পারে। এ ঘাটতি কমাতে পাইকারি পর্যায়ে দাম বাড়ানোসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছে পিডিবি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, দাম বাড়ানোর আগে অপচয় ও অযৌক্তিক ব্যয় কমানো জরুরি। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলমের মতে, উৎপাদন ব্যয় কমানো গেলে বড় অঙ্কের সাশ্রয় সম্ভব।

Exit mobile version