নারায়ণগঞ্জে লালন-পালন করা একটি বিরল অ্যালবিনো মহিষকে ঘিরে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের ধরন ও চেহারার সঙ্গে কিছুটা মিল থাকায় রসিকতা করে মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় উঠে আসে প্রাণীটি।
রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় মহিষটির একটি দৃশ্যচিত্র প্রকাশ করে রসিকতাপূর্ণ মন্তব্যও করেছে। সেখানে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষটি যেন মন খারাপ করে ফেলেছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নারায়ণগঞ্জের একটি খামারে থাকা প্রায় সাতশ কেজি ওজনের এই মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও দৃশ্যচিত্রের কারণে এটি এখন এক ধরনের ব্যতিক্রমী জনপ্রিয়তায় পরিণত হয়েছে।
মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, প্রায় এক বছর ধরে তিনি প্রাণীটিকে লালন-পালন করছেন। মহিষটির মাথার বিশেষ ধরনের লোম দেখেই তার ছোট ভাই মজার ছলে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামটি রেখেছিলেন।
তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আশপাশের মানুষ, শিশু-কিশোর ও বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা মহিষটিকে দেখতে খামারে ভিড় করছেন।
সামনে পবিত্র ঈদুল আজহা। কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে চার বছর বয়সী এই মহিষটিকেও। প্রাণীটির সঙ্গে আবেগের সম্পর্ক তৈরি হলেও ধর্মীয় ত্যাগের শিক্ষার কথাই স্মরণ করছেন মালিক।
জিয়া উদ্দিন বলেন, “আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। কিন্তু কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগ স্বীকার করা।”

