বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই)।
সোমবার ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এর আগে গত ২০ জুলাই ডাকসু নির্বাচনের সময়সীমা ও তফসিল ঘোষণার দিন নির্ধারণ করে প্রশাসন। সে অনুযায়ী, ২৯ জুলাই তফসিল ঘোষণা এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণের সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে।
এবারের নির্বাচনে বড় একটি পরিবর্তন হিসেবে প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি নিরপেক্ষ কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোটকেন্দ্র ও ভোটার বিভাজন
১. কার্জন হল পরীক্ষা কেন্দ্র – ভোট দেবেন:
- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল
- অমর একুশে হল
- ফজলুল হক হল
- শারীরিক শিক্ষা কেন্দ্র – ভোট দেবেন:
- জগন্নাথ হল
- শহীদ সার্জেন্ট জহুরুল হক হল
- সলিমুল্লাহ মুসলিম হল
- ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) – ভোট দেবেন:
- রোকেয়া হল
- শামসুন নাহার হল
- কবি সুফিয়া কামাল হল
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র – ভোট দেবেন:
- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল
- শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
- সিনেট ভবন কেন্দ্র (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম) – ভোট দেবেন:
- স্যার এ এফ রহমান হল
- হাজী মুহম্মদ মহসীন হল
- বিজয় একাত্তর হল
- উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র – ভোট দেবেন:
- সূর্য সেন হল
- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল
- শেখ মুজিবুর রহমান হল
- কবি জসীম উদ্দীন হল
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, নিরাপদ ও অংশগ্রহণমূলক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রিটার্নিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ লক্ষ্যে নিয়মিত বৈঠক করছেন।

