চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাইদ হল থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ৯ শিক্ষার্থীকে আটক করেছে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল। শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হলের ৫২৯ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক শিক্ষার্থীদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের ২ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৫ জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২ জন রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের শিক্ষার্থী।
শহীদ আবু সাইদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত জানান, শিক্ষার্থীদের একটি সমস্যা সমাধানে গিয়ে সন্দেহজনক কক্ষে অভিযান চালানো হলে কয়েকজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় কক্ষ থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, মাদক ও র্যাগিংয়ের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনায় রোববার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

