Site icon Somoyer Dristy

গোপালগঞ্জে সংঘর্ষ: গুলিবিদ্ধ রমজান মুন্সীর মৃত্যু

গোপালগঞ্জ সদরের চৌরঙ্গী এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সী (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢামেক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রমজান মুন্সী সদর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা ও মৃত আকবর মুন্সীর ছেলে। জীবিকার তাগিদে তিনি অটোরিকশা চালাতেন।

রমজানের ভাই ইমরান মুন্সী জানান, বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে রমজান অটোরিকশা নিয়ে চৌরঙ্গী কোর্ট এলাকায় গেলে হঠাৎ আসা গুলিতে তিনি আহত হন। গুলিটি তার ডান হাতের কব্জি ছেদ করে পাশের বগলে লাগে এবং শরীরের ভেতরেই থেকে যায়। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হলে বৃহস্পতিবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রমজান মুন্সীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

এদিকে সংঘর্ষের পরদিন বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল ১১টা থেকে কারফিউ সাময়িক শিথিল করা হলেও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল অব্যাহত রয়েছে।

সহিংসতার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত আরও ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে মোট আটক সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।

প্রসঙ্গত, বুধবার এনসিপি’র পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার নিহত হন। রমজান মুন্সীর মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচে।

Exit mobile version