Site icon Somoyer Dristy

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৬৭ জন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে ।

খবরে জানানো হয়, আজ সকালে দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি বোমা হামলায় নিহত হয়েছেন পাঁচজন, যাদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং একজন বয়স্ক পুরুষ রয়েছেন।

হামলার লক্ষ্য ছিল বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে পরিচিত কিছু তাঁবু, যা আন্তর্জাতিক মহলে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে পরিচিত। নাসের হাসপাতালের সূত্র জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

ওয়াফা জানায়, দুই মাসের যুদ্ধবিরতির পর ১৮ মার্চ থেকে ইসরায়েল আবার হামলা শুরু করলে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়তে থাকে। তখন থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭,৮৪৩ জন এবং আহত হয়েছেন ২৭,৯৩৩ জন।

তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮,৬৬৭, এবং মোট আহতের সংখ্যা ১,৩৯,৯৭৪। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি।

Exit mobile version