Site icon Somoyer Dristy

অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেওয়া মাদ্রাসাছাত্রী উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার প্রধান অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার এমসি বাজার এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার আবিদ (২১) নামে এক যুবক দীর্ঘদিন ধরে ১৬ বছর বয়সী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিত। গত ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে সে ও তার সহযোগীরা প্রথমে ছাত্রীটিকে অপহরণ করে। পরে সেদিনই তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়।

ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম জানান, ঘটনার দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক বসে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং ছাত্রীটিকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় মারধর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী দাবি করেন, ঘটনাটি মূলত প্রেমঘটিত। তবে পারিবারিক বিরোধের কারণে বিষয়টি জটিল আকার ধারণ করে।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, শনিবার সকালে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version